বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কিছু পাটজাত পণ্য ও বোনা কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এসব পণ্য এখন থেকে শুধু মহারাষ্ট্রের নবসেবা সমুদ্রবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে গতকাল শুক্রবার নতুন এ নিষেধাজ্ঞার আদেশ জারি করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)।
ডিজিএফটি বলছে, এ নিষেধাজ্ঞা ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়া বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য নেপাল বা ভুটান হয়ে ভারতে রপ্তানি করা যাবে না।
নিষেধাজ্ঞার মুখে পড়া পণ্যের তালিকায় বিভিন্ন ধরনের বোনা কাপড়ের পাশাপাশি রয়েছে পাটের অপরিশোধিত আঁশ ও পাটের সুতা (ক্যানাফ, হেম্প, রামি ইত্যাদি)।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত কয়েক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশি পণ্যে এ ধরনের নিষেধাজ্ঞা দিল নয়া দিল্লি।
সবশেষ গত ১৭ মে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদপণ্যসহ কয়েক ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর প্রায় এক মাস আগে ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ বন্ধ করে দেয় বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অন্যদিকে গত ৯ এপ্রিল বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত।
