ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দেওয়ার পথে সড়কে নিহত ৫

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৪:২৫ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহতরা ইসলামী আন্দোলন যশোর শাখার নেতাকর্মী। আজ শনিবার আয়োজিত দলটির মহাসমাবেশে অংশ নিতে যশোর থেকে রওনা হয়েছিলেন তারা, জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা সম্পাদক মোহাম্মদ আলী।

আজ শনিবার দুপুর ১টা ২৮ মিনিটে মুঠো ফোনে দলের ওই নেতা জানান, এ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন দলের নেতা ও অপর এক জন বাসের চালকের সহযোগী (হেলপার)।

নিহতদের মধ্যে রয়েছেন জেলা কমিটির পরিবার পরিকল্পনা সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি পাগলাদহ গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন (৬৫), নওয়াপাড়া ইউনিয়ন শাখার সদস্য মধুগ্রামের বাসিন্দা জিল্লুর রহমান (৫৫) ও ঘুরুলিয়া গ্রামের বাসিন্দা রওশন আলী (৫৫) এবং বাসের হেলপার মধুগ্রামের বাপ্পির ছেলে হাসিব (৩২)।

মোহাম্মদ আলী জানান, ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে হামদান এক্সপ্রেসের একটি বাস রিজার্ভ করে তিনিসহ ৫৫ জন ঢাকার উদ্দেশে রওনা দেন শুক্রবার রাত ১২টার দিকে। রাত ৩টা ১০ মিনিটের দিকে বাসটি দুর্ঘটনায় শিকার হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় নওয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি জালাল উদ্দিন ও সদস্য জিল্লুর রহমানের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা মোস্তফা কামাল, রওশন আলী ও হাসিবের।

মুঠোফোনে আলাপকালে তিনি আরও জানান, মরদেহ নিয়ে তারা যশোরের উদ্দেশে রওনা হয়েছেন। এ ঘটনায় আহত ২০ জনের মতো ঢাকার যাত্রাবাড়ী আল কারিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, শুক্রবার রাতে হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচ যাত্রী নিয়ে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়ন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই পথে মালবোঝাই একটি মিনিট্রাকও যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২-এর মাঝামাঝি লন্ডন স্কুলের সামনে এলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সামনে থাকা চলন্ত ট্রাকের পেছনের বাঁ পাশে সজোরে ধাক্কা দেয়। পরে বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝামাঝি সড়কদ্বীপের রেলিংয়ে আলাদাভাবে ধাক্কা দেয়। ঘটনাস্থলে জিল্লুর রহমান ও মো. জালাল নিহত হন।

পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর আরও তিন জন মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত