তিতাসে নির্মাণাধীন ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০২৫, ০১:৫১ পিএম

কুমিল্লার তিতাসে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের রায়পুর গ্রামের পশ্চিম পাড়ায় দ্বীন ইসলামের নির্মাণাধীন বাড়ি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মোস্তফা মিয়া (৪৮)। তিনি রংপুর জেলার মাহিগঞ্জ থানার বাসিন্দা। তিতাসে থেকে তিনি চুক্তিভিত্তিক রাজমিস্ত্রীর কাজ করতেন। তাঁর সঙ্গে আরও দুইজন সহকারী শ্রমিক ছিলেন, যাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই দুই সহকারী শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয়দের ধারণা, নিখোঁজ থাকা ওই দুই সহকারী শ্রমিকই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাঁরা পালিয়ে যাওয়ার পর থেকেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ জানান, ‘সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করি। মরদেহটি একটি কম্বলে মোড়ানো ছিল। নিহত ব্যক্তির সঙ্গে আরও দুইজন সহকারী শ্রমিক ছিলেন বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দুইজনই মোস্তফাকে হত্যা করে পালিয়েছে।’

এসআই কাউছার আরও জানান, বাড়ির মালিক দ্বীন ইসলাম ঢাকায় অবস্থান করছেন। তাঁকে খবর দেওয়া হয়েছে, তিনি এলেই ঘটনার পেছনের বিস্তারিত জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত