বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তারাই নির্বাচনকে বিলম্বিত ও অনিশ্চিত করতে চাইছে। একটা নন ইস্যুকে ইস্যু বানানোর পাঁয়তারা করছে। তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
আজ রবিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেই বিগত ১৫ বছর আওয়ামী লীগকে বাতাসকারী ও তাদের প্রহসনের নির্বাচনের পার্টনাররা ভোটের সংখ্যানুপতিক আসন ও আগে স্থানীয় সরকার নির্বাচনসহ অপ্রাসঙ্গিক কথা বলছে। জনগণের সঙ্গে সম্পর্কহীন এবং গণতন্ত্র ও বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যের পরিপন্থী বিষয়ে নিয়ে তর্কযুদ্ধ করে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। আধিপত্যবাদের প্রেসক্রিপশন অনুযায়ী এসব করা হচ্ছে কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কর্মী সমাবেশে তিনি সকলকে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানিয়ে বলেন, আশা করি প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠকে রোজার আগে নির্বাচন আয়োজনের ঐকমত্যের কথা ভুলে যান নাই। প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজনের উদ্যোগ না হলে বিএনপি ঘরে বসে থাকবে না। রাজপথেই ফয়সালা খুঁজে নিতে হবে। অমরা প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখতে চাই। তার প্রতিশ্রুত সময় আগামী রোজার আগেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কর্মী সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্কতার সঙ্গে সাংগঠনিক পুর্নগঠন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, সাংগঠনিক ভীত অধিকতর শক্তিশালী করে ফসল ঘরে তুলতে হবে।
সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়্যারেস আলী মামুন বলেন, যড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না। যারা নির্বাচন বানচাল করতে চায় তারা দেশকে ভালোবাসে না, জনগণকে ভয় পায়।
সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ নেতা কর্মীদের প্রতি আন্দোলন, সংগ্রাম এবং একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যাশিত সময়ে নির্বাচনের আলামত না পাওয়া গেলে আবার রাজপতে নেমে নির্বাচন আদায় করতে হবে।
হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন প্রমুখ।
