মুরাদনগরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিএনপির মিছিল

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম

কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচারের প্রতিবাদে এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

রবিবার বিকালে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তাররুজ্জামান সরকার। 

তিনি বলেন, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা বাহেরচর গ্রামে ফজর আলী ও ছাত্রলীগের সুমনের গংসহ একজন হিন্দু নারীর উপর নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা শুধু একজন হিন্দু নারীকে নির্যাতন করে নাই, তারা সমগ্র মা জাতির ইজ্জত নষ্ট করেছে। আমরা বিএনপির পক্ষ থেকে এই ধর্ষণকারীসহ এ কাজে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তিনি আরও বলেন, আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নেতৃত্বে মুরাদনগরে হিন্দু–মুসলিম ভাই-ভাই হিসেবে সুন্দরভাবে বসবাস করছে। কিন্তু আওয়ামী দোসররা কায়কোবাদ দাদা তথা বিএনপির সুনাম নষ্ট করার জন্য পায়তারা করছে।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল আলম শাওন, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক সেলিম ভূইয়া, হোমনা পৌরসভা বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত