এবার গিলের পাশে দাঁড়ালেন আজহারউদ্দিন

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৫:০০ পিএম

হেডিংলি টেস্টে ইংল্যান্ডের কাছে হারের পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলকে সহ্য করতে হচ্ছে সমালোচনার তীর। আর এসব সমালোচনার বিরুদ্ধে এবার সরব হয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর ভারতের নেতৃত্ব নেওয়া গিল প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেও দলকে জয় এনে দিতে পারেননি।

২৫ বছর বয়সী এই তরুণ অধিনায়কের নেতৃত্বের ক্যারিশমা নিয়ে প্রশ্ন তোলেন নাসের হুসেইনসহ অনেকেই। তার ম্যাচ চলাকালীন কৌশল নিয়েও উঠেছে সমালোচনা। তবে রবি শাস্ত্রীর মতো কয়েকজন ক্রিকেট বিশ্লেষক গিলের পক্ষে অবস্থান নেন। আর সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলেন সাবেক ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

গিলের নেতৃত্ব মূল্যায়নের সময় এখনো আসেনি বলে মনে করেন আজহারউদ্দিন। সদ্য অধিনায়কত্ব শুরু করা এই তরুণকে সময় ও সমর্থন দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি, ‘এটা তার অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ। এত তাড়াতাড়ি অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা উচিত না। এটা খুবই দ্রুত হয়ে যাচ্ছে।’

‘আমাদের তাকে ন্যায্য সুযোগ দেওয়া উচিত। সে মাত্র দায়িত্ব নিয়েছে। তাই আমাদের তাকে সময় ও সমর্থন দিতে হবে। আমরা খেলোয়াড়দের নিয়ে এভাবে অভিযোগ আর সমালোচনা করতে পারি না’, বলেন আজহারউদ্দিন।

এজবাস্টনে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্ট নিয়ে আজহারউদ্দিন বলেন, দল নির্বাচন ও বোলিং কম্বিনেশন নিয়ে ভারতকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, ‘আমরা হেরেছি ব্যাটিং ধসের কারণে, তবে এখন সঠিক খেলোয়াড় বেছে নিতে হবে এবং বোলিং নিখুঁত হতে হবে।’

আজহারউদ্দিন মনে করেন, ভারতের আরও অভিজ্ঞ বোলারের দরকার এবং দ্বিতীয় টেস্টে কুলদীপ যাদবকে খেলানো উচিত। ‘ওরা বুমরার ওপর খুব বেশি নির্ভর করে ফেলেছে। এটা সহজ নয়, কারণ আপনার আরও অভিজ্ঞ বোলার লাগবে। ওদের কুলদিপ যাদবকে খেলানো উচিত,’ বলেন আজহারউদ্দিন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২ জুলাই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত