আগস্টে ভারত আসছে না? পাকিস্তান আসবে বাবর-আফ্রিদিকে ছাড়াই

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:২৬ এএম

আগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। ১৩ আগস্ট থেকে মিরপুর ও চট্টগ্রামে এই ছয় ম্যাচের সিরিজ আয়োজনের প্রস্তুতি চলছিল। তবে সফরটা ঘিরে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি বিসিবিকে জানিয়েছে, তারা সিরিজটি পরের সুবিধাজনক উইন্ডোতে আয়োজন করতে চায়।

রাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন,

“বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করেছি। ইতিবাচক আলোচনা হচ্ছে। আলোচনা এখনো শেষ হয়নি। আমরা আশাবাদী, ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সফরটি সফলভাবে আয়োজন করা যাবে।”

এতে করে ভারতীয় দলের আগস্ট সফরের সম্ভাবনা কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিসিবি সভাপতি জানান, ভারতের সফর নির্ভর করছে তাদের সরকারের অনুমতির ওপর। এমন পরিস্থিতিতে ফুটবলেও দেখা যাচ্ছে একই ধারা—এই জুলাইয়েও বাংলাদেশে আসছে না ভারতীয় মেয়েদের জাতীয় দল।

পাকিস্তান আসবে, তবে নেই বাবর-রিজওয়ান-আফ্রিদি

অন্যদিকে, বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, তবে দলে থাকছেন না সিনিয়র তিন তারকা—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। নির্বাচকরা তাদের ফর্ম বা বিশ্রামের দিক বিবেচনায় এনে এ সফরে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

জুলাইয়ের প্রথম সপ্তাহে দল ঘোষণা হতে পারে, এর আগে ৮ জুলাই করাচিতে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। হেড কোচ মাইক হেসন ৫ জুলাইয়ের মধ্যে নিউজিল্যান্ড থেকে ফিরে দলের প্রস্তুতি তদারক করবেন।

তরুণদের নিয়ে গড়া দলেই ভরসা রাখছে পাকিস্তান। অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলি আগা। ব্যাটিংয়ে থাকছেন ফখর জামান, সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস। মিডল অর্ডারে সালমান নিজে ছাড়াও থাকছেন শাদাব খান, ইরফান খান, খুশদিল শাহ এবং উদীয়মান হাসান নওয়াজ।

স্পিন বিভাগে শাদাব ও আবরার আহমেদের পাশাপাশি স্কোয়াডে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার সুফিয়ান মোকীম। পেস আক্রমণে থাকবেন হারিস রউফ, হাসান আলি, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত