শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এনসিপি নেতাকর্মীরা। ১ জুলাই সকাল ৯টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির মাসব্যাপী পদযাত্রার সূচনা হবে। এরপর বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে ঘোষিত কর্মসূচি পালন করবে এনসিপি।
পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।
রংপুর শহরের পার্ক মোড় এলাকায় শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে।
দিবসের শেষাংশে ডিসি মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে চেকপোস্টে এসে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে। রাতে কাউনিয়া উপজেলায় জনসংযোগ ও পথসভায় অংশ নেবে দলটির নেতারা।
৩ জুলাই জাতীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করবে এনসিপি। সেখানে আহত ও শহীদ পরিবারগুলোকেও সম্মান জানানো হবে। এ ছাড়া ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’।
