রোনালদোর সমালোচকেরা এবার কি ক্ষমা চাইবেন?

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৫:০২ পিএম

মাত্র একদিন আগের ঘটনা। গত পরশু সৌদি প্রো লিগের দল আল নাসরের সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওতে সৌদি লিগকে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি বলে দাবি করেছিলেন পর্তুগিজ মহাতারকা। তখন তার কথা নিয়ে বেশ হাসাহাসি হয়েছিল। কিন্তু এখন কী বলবেন সমালোচকেরা?

সেই ভিডিওতে রোনালদোর বক্তব্য ছিল এমন,‘আমার বিশ্বাস, এরই মধ্যে আমরা শীর্ষ পাঁচে (বিশ্বের সেরা পাঁচ লিগ) আছি। নিজের কথায় আমার শতভাগ আস্থা আছে। যারা এই লিগে খেলেন, তারা আমার কথার অর্থ বুঝতে পারবেন।’ পর্তুগিজ মহাতারকার কথা মাটিতে পড়ার আগেই সোমবার রাতে ম্যানচেস্টার সিটির মতো দলকে ক্লাব বিশ্বকাপের ম্যাচে হারেয়ে দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল!

ক্লাব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ ষোলোর রোমাঞ্চকর ম্যাচে আল হিলাল জিতেছে ৪-৩ গোলে। এরপরই স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ শিরোনাম করেছে, ‘কে এখন রোনালদোর কাছে ক্ষমা চাইবে?’ এর মানে হলো, সৌদি লিগকে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি দাবি করায় রোনালদোকে নিয়ে হাসিঠাট্টা তো কম হয়নি। আল হিলাল প্রমাণ করে দিল, রোনালদো ভুল ছিলেন না! তাহলে তার কাছে এখন ক্ষমা চাইবে কে?

এটা ঠিক যে, চলতি মৌসুমে খুবই খারাপ সময় কাটিয়েছে ম্যান সিটি। তার মানে এই নয় যে, সৌদি ক্লাবের কাছে হেরে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ১০ মৌসুমের ছয়বারের চ্যাম্পিয়নরা! ট্রান্সফারমার্কেট অনুযায়ী, সিটির স্কোয়াডের মূল্য প্রায় ৭৯ কোটি ২৫ লাখ পাউন্ড, বা প্রায় ১৩ হাজার ৩২৬ কোটি টাকা। সেখানে আল হিলালের স্কোয়াড মূল্য মাত্র ১৫ কোটি ৯৪ লাখ ইউরো বা প্রায় ২ হাজার ২৯৪ কোটি টাকা।

সিটিকে হারানো কতটা কঠিন ছিল- সে বিষয়ে ম্যাচ শেষে আল হিলাল কোচ সিমোন ইনজাগি বলেন, ‘আমরা জানতাম, আমাদেরকে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে উঠতে হবে। আমরা সেটা করেছি। পেপ গার্দিওলা বিশ্বের সেরা কোচ, কিন্তু আজ (সোমবার) রাতে আমরা নিজেদের সেরাটা উজার করে দিয়েছি। এই ফলাফল আমাদের প্রাপ্য। আজকের সন্ধ্যায় গার্দিওলার সিটির বিপক্ষে এই অর্জন আমরা উপভোগ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত