পটিয়া থানার ওসি অপসারণের দাবিতে বৈষম্যবিরোধীদের থানা ঘেরাও

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূরের অপসারণ দাবিতে থানার মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে তারা থানার প্রবেশপথ আটকে অবস্থান নেন। থানার গেট বন্ধ করে ভেতরে অবস্থান করছে পুলিশ সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ জানান, ‘আমরা থানার সামনেই অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণ না করা হবে, ততক্ষণ আমরা এখানেই থাকব।’

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে-কে থানায় সোপর্দ করতে যান এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানান ওসি। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী, এনসিপির নগর সংগঠক সাইদুর রহমানসহ আরও কয়েকজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে বক্তব্য দিতে গিয়ে রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘আমাদের কাছে খবর আসে, রাঙামাটির ছাত্রলীগ নেতা দীপঙ্কর দে পটিয়া স্টেশনে অবস্থান করছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে ধরে থানায় নিয়ে গেলে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে আমি এবং আরও কয়েকজন আহত হই।’

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, তারা থানার সামনে বসে কিছু দাবি জানিয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আশা করছি, দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত