গ্রিন রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থী

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:৩৬ পিএম

রাজধানীর গ্রিন রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এইচএসসি পরীক্ষার্থী রিনা ত্রিপুরা (২০)। মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রিনা আজ বৃহস্পতিবার ভোরে ছাত্রীনিবাসে ফেরার পথে এ হামলার শিকার হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রিনার ভাই জুয়েল ত্রিপুরা জানান, তাদের বাড়ি বান্দরবানের থানচি উপজেলার বিদ্যামনি পাড়ায়। বাবা অন্দ্রমনি ত্রিপুরা। গত বছর মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন রিনা। তবে আইসিটি বিষয়ে অকৃতকার্য হন। চলতি বছর ৭ জুলাই ওই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

পরীক্ষা দিতে আজ ভোরে বাসে করে বান্দরবান থেকে ঢাকায় আসেন রিনা। কলাবাগানে নেমে রিকশায় কলেজের ছাত্রীনিবাসে ফিরছিলেন তিনি। ছাত্রীনিবাসের সামনে পৌঁছালে এক ছিনতাইকারী রিকশার গতি রোধ করে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ছিনতাইকারী রিনার দুইটি ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

জুয়েল ত্রিপুরা বলেন, রিনার মাথা ও কাঁধে ছুরির আঘাত লেগেছে। তার শারীরিক অবস্থা গুরুতর।

ঘটনার বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত