কাবরেরার পদত্যাগ চাওয়া সেই বাফুফে কর্তাকে অব্যাহতি

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম

সিঙ্গাপুরের কাছে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হারের পর জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। এবার সেই শাহীনকে জাতীয় দল কমিটির সদস্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শুক্রবার বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠি তিনি হাতে পেয়েছেন।

গত ১৪ জুন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচের পদত্যাগ চেয়েছিলেন শাহীন। এরপরই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। তারই ধারাবাহিকতায় তাকে অব্যাহতি দেওয়া হলো। চেয়ারম্যান হিসেবে তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির সদস্যদের মনোনয়ন কিংবা অব্যাহতির এখতিয়ার রাখেন। তবে চিঠিতে শাহীনকে অব্যাহতি দেওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই। নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে আরও দুই নির্বাহী সদস্য টিপু সুলতান ও মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধেও বাফুফের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ উঠেছিল। ফেডারেশন কাপে রহমতগঞ্জ-বসুন্ধরা কিংসের ম্যাচ রেফারি ছিনতাই করেছে বলে গণমাধ্যমে মন্তব্য করেছিলেন টিপু সুলতান। আর বাটলার-সাবিনাদের দ্বন্দ্বের সময় নারী উইংয়ের প্রধান কিরণ বলেছিলেন, তিনি বাটলারকে না রাখার সুপারিশ করেছিলেন। কিন্তু ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারা জরুরি সভায় কোচের চুক্তি নবায়ন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত