মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির নামে ভুয়া কার্ড বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক হয়েছে। এসময় আরও ৩ জন পালিয়ে যায়। শনিবার (৫ জুলাই) উপজেলার জাফরগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম ইয়াকুব মুন্সি (৩৮)। তিনি উপজেলার পয়লা গ্রামের কামাল মুন্সির ছেলে এবং রাজধানীর পল্টন এলাকার একটি ছাপাখানার কর্মচারী।
তার পালিয়ে যাওয়া সহযোগীরা হলেন- রঘুনাথপুর গ্রামের সাদেক পল্টনের ছেলে লেবু পল্টন (৩৫), টাঙ্গাইল নাগরপুরের মুশুরিয়া গ্রামের মজনু দর্জি (৪৮) ও ভালকুটিয়ার শামসুল হক (৪১)।
স্থানীয়রা জানায়, ইয়াকুব ও তার সহযোগী লেবু পল্টন (৩৫) শুক্রবার সন্ধ্যার দিকে জাফরগঞ্জ বাজারে কার্ড বিক্রি করে ১০০ টাকা করে নিচ্ছিল। কার্ডে লেখা ছিল- ‘বিএনপির কমিটির সদস্যদের জন্য এই কার্ডের মাধ্যেমে ২৫ কেজি চাল, ২ কেজি হারে ডাল, তেল ও চিনি দেওয়া হবে’।
এসময় তাকে আটক করে বিএনপি নেতারা ও স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াকুবকে থানায় নিয়ে যায়। এসময় তার কাছ থেকে কার্ড বিক্রির ১৫০০ টাকা, ৯৮টি ভুয়া কার্ড, এনআইডি কার্ডসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে ইয়াকুবকে আটক ও বিভিন্ন আলামত জব্দ করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের আটকের চেষ্টা চলছে।
