ঝড়ো হাওয়ার শঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:১১ এএম

উত্তর বঙ্গোপসাগরের ওপর বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় সাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে উপকূলীয় এলাকা ও সমুদ্রপথ। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক সতর্ক বার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর বায়ুচাপের পার্থক্য বিরাজ করছে। এ কারণে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপকূলীয় জলসীমায় অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, এসব অঞ্চলে বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে।

অন্যদিকে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকাতেও রবিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল ৭টার বুলেটিনে বলা হয়, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, আর রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত