পালানোর আগে হাসিনা স্বজনদের ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন: আলাল

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম

৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর আগে শেখ হাসিনা স্বজনদের ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আজ রবিবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনা পালানোর আগে স্বজনদের ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন এই তথ্য কোনো গণমাধ্যমে আসেনি। শেখ হাসিনা ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিল, তোমরা যে যেভাবে পার দেশ ছেড়ে চলে যাও। দেশ থেকে বিদেশে পালাও। যে কারণে তার কোনো আত্মীয়-স্বজন গ্রেপ্তার হয়নি। সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে।

দেশে নতুন করে রাজনৈতিক জোট পাকানোর চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এজন্য যারা আন্দোলনের সঙ্গে ছিল এবং যে যুবকরা নতুন দল গঠন করেছে, তাদের সংশোধন হওয়ার জন্য বলি, এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। এ আন্দোলনের সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন, তাদের মাও জড়িত ছিলেন।

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন। শুধু ছাত্রদের আন্দোলন না এবং এর পেছনে প্রেরণা ও শক্তি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বে যে জোট, সেই জোট ছিল এর পেছনের শক্তিদাতা বলেও তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত