মনিরামপুরে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম

যশোরের মনিরামপুরে বাসচাপায় ভ্যানচালকসহ এক যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর সরকারি কলেজ মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দসহ বাসচালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন গাইবান্ধার শাঘাটার আব্দুল্লাহপুর গ্রামের রাজন মিয়ার ছেলে রতন মিয়া (২৭) এবং অপরজন ভ্যানচালক মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শেখ নাজমুল হাসান (৪০)।

আহতরা হলেন গোপালপুর গ্রামের মকলেস মোড়লের ছেলে শোয়েব আক্তার, জালঝাড়া গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে ইব্রাহিম গাজী এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ও আহতরা স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন বলে জানাগেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্য মনিরামপুর সরকারি কলেজ মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রতন মিয়ার মৃত্যু হয়। তাৎক্ষণিক ভ্যানচালক শেখ নাজমুল হাসান বাসটির গতিরোধ করতে সামনে গিয়ে হাত উঁচিয়ে থামানোর চেষ্টা করলে বাসটি তাকেও চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস এবং মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। 

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি জব্দসহ বাসচালককে আটক করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত