ডামুড্যায় সিঁড়ির ছাদের টিন খুলে বাড়িতে চুরি

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০২:২৫ পিএম

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঝিকরকাঠি গ্রামে গৃহকর্তার অনুপস্থিতিতে চোরের দল বাড়ির সিঁড়ির ছাদের টিন খুলে ভিতরে ঢুকে দুটি ঘরে চুরি করেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মূল্যবান ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গেছে তারা।

চুরির এই ঘটনা ঘটেছে ৪ জুলাই গভীর রাতে। বাড়ির মালিক ইউসুফ কবির তাঁর পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তিনি দেশ রূপান্তর পত্রিকার প্রশাসন বিভাগের ব্যবস্থাপক। সেই সুবাদে গ্রামের বাড়িটি বেশিরভাগ সময় ফাঁকা থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে চোরেরা সিঁড়ির ছাদের টিন খুলে ঘরে প্রবেশ করে আলমারি ও শোকেস ভাঙচুর করে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

পরদিন ৫ জুলাই সকাল ১০টার দিকে ইউসুফ কবিরের চাচি ঘটনাটি প্রথম দেখতে পান। পরে তিনি ইউসুফ কবিরকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন এবং পুলিশকে অবহিত করেন।

ঘটনার পর ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব ঘটনাস্থলে গিয়ে চুরির সত্যতা নিশ্চিত করেন এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। এরপর আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে ইউসুফ কবির থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ডামুড্যা থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রিপন বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত