নাটোরে নাহিদ ইসলাম

ফ্যাসিবাদের পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি সেদিকেই যাবে

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম

ফ্যাসিবাদের পতন থেকে কেউ শিক্ষা না নিলে তাদের পরিণতিও সেদিকেই যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘নাটোরের আজকের এই সমাবেশেও ন্যাক্কারজনকভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে। হুঁশিয়ারি দিতে চাই— যারা অতীতে ব্যানার ছিঁড়ে, কর্মসূচিতে বাধা দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল; তাদের ঠাঁই এই বাংলাদেশে হয়নি। যদি এখনো কেউ স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন থেকে শিক্ষা না নেয় তাদের পরিণতিও সেদিকেই যাবে।’

সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে পথসভায় তিনি এ সব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে এই নাটোরের ৮ জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে নাটোরেই শহীদ করা হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমাদের ভাই-বোনদের হত্যা করেছিল। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ফ্যাসিবাদের পতন করেছিলাম।’

তিনি বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম; আমাদের এবারের লড়াই, এবারের যাত্রা দেশ গঠনের। আমরা স্পষ্টভাবেই বলেছি— ফ্যাসিবাদের পতন হলেই হবে না, সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে গঠন করতে হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘এমন একটি বাংলাদেশ গঠন করতে যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, যেখানে ইনসাফ থাকবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়া তরুণ প্রজন্মের ও গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা।

কিন্তু ৫ আগস্টের পর সেই আকাঙ্ক্ষা থেকে নানা পক্ষ সরে গেছে বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, কোনো ধরনের টালবাহানা ষড়যন্ত্র মেনে নেব না। জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে এসেছি, যে বার্তা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায়।

নাটোরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘নাটোরে ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। গ্যাসের সংকট রয়েছে। স্বাস্থ্য ও যোগাযোগখাতে বৈষম্যের শিকার। আমরা এখানে মিথ্যা আশ্বাস দিতে আসিনি। বাংলাদেশের সব জেলায় এমন বৈষম্য দূর হবে আমরা সেই স্বপ্ন দেখি।’

এনসিপির এ নেতা বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছি, রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, আমরা গণত্যাকারীদের বিচার চেয়েছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। আমরা বলেছি গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত