চৌদ্দগ্রামে খালেদা জিয়াকে ৩ মামলা থেকে অব্যাহতি 

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৮:০১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে জগমোহনপুর ও হায়দারপুর এলাকায় পেট্রল বোমা ও কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হত্যা ও নাশকতার তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে, এসব মামলাকে রাজনৈতিক বিবেচনায় নেওয়া মামলা বলে উল্লেখ করে বাকি আসামিদের বিরুদ্ধেও মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু। তিনি জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় আটজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

কাইমুল হক বলেন, এ মামলায় খালেদা জিয়ার সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। তদন্তে জানা গেছে, তিনি ওই সময় গুলশানের নিজ বাসায় বালুবাহী ট্রাক দিয়ে অবরুদ্ধ ছিলেন। ফলে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম মামলার শুনানি শেষে খালেদা জিয়াকে অব্যাহতির আদেশ দেন।

অন্যদিকে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায়ও বিএনপি নেত্রীসহ ৪২ জনকে আসামি করা হয়। ওই মামলারও বাদী ছিলেন চৌদ্দগ্রাম থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার।

এই মামলায়ও অভিযোগপত্র দেওয়ার পর বিচারিক কার্যক্রম শুরু হয়। তবে আদালত খালেদা জিয়ার সম্পৃক্ততা না পাওয়ায় তাঁকে অব্যাহতি দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলি।

পিপি কাইমুল হক বলেন, এসব মামলা রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হয়েছিল। আইন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়ার নামে আর কোনো মামলা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত