পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অতিরিক্ত মদ্যপান করে গোসলে নেমে সোহেল রানা (৪৫) নামে এক পর্যটক তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক সৈকতে কর্মরত ফটোগ্রাফাররা তাকে জীবিত উদ্ধার করেছে।
সোমবার (৭ জুলাই) বিকালে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যবয়সী এক পর্যটক গোসল করার জন্য সৈকতে আসেন। তখন তিনি পুরোপুরি মাতাল অবস্থায় ছিলেন। স্থানীয়রা সতর্ক করা সত্ত্বেও তিনি পানিতে নেমে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই স্রোতে তলিয়ে যান।
বিষয়টি নজরে এলে সৈকতের ২ জন ফটোগ্রাফাররা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করেন। পরে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দিতে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির মানিব্যাগে ভোটার আইডি কার্ডের তথ্যমতে তার নাম সোহেল রানা বলে জানা গেছে। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, বিকালে অতিরিক্ত মদ্যপ অবস্থায় সোহেল রানা নামের এক পর্যটক হাসপাতালে আসলে। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিকালে মদ্যপ অবস্থায় এক পর্যটককে সৈকত থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সৈকতে মদ্যপান ও অসচেতন আচরণ বন্ধে ট্যুরিস্ট পুলিশকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। এই ঘটনার পর সৈকত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
