খুলনায় একটি মেলার আয়োজকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে শোকজ করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
গতকাল বুধবার রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা শোকজ নোটিশে বলা হয়, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন অভিযুক্ত দুই নেতা। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল নেতার পদে থেকে এমন আচরণ দলের ভাবমূর্তির জন্য মারাত্মক ক্ষতিকর।
নোটিশে আরও বলা হয়, কেন স্থায়ীভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে একতরফা সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যার দৈর্ঘ্য ১ মিনিট ৩৬ সেকেন্ড। সেখানে মেলার আয়োজক বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী মন্টু মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায় সাজ্জাদুল ইসলাম আজাদকে।
রেকর্ডের একপর্যায়ে আয়োজক মন্টু বলেন, ‘আমার দ্বারা সবাইকে কি ঠান্ডা করা সম্ভব? আমার কাছে দুই টাকা রেডি আছে, আপনি বললে এখনই দিয়ে যাব।’
জবাবে আজাদ বলেন, ‘আমি পারব সবাইকে ঠান্ডা করতে, এ টু জেড, সবাই ঠান্ডা থাকবে, কেউ ওইদিকে ঘুরেও তাকাবে না—যদি ১০ টাকা দেন। আর যদি না দেন, তাহলে আজ এ গ্রুপ যাবে, কাল অন্য গ্রুপ যাবে, আপনি কয়জনকে ঠান্ডা করবেন?’
পুরো রেকর্ডে অর্থ লেনদেন নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
এই প্রসঙ্গে আয়োজক মন্টু মিয়া বলেন, ‘ওইটা ছিল পুলিশ নারী কল্যাণ সমিতি—পুনাকের মেলা। পুলিশের মেলা হয়েও আমার কাছে ১০ লাখ টাকা চাওয়া হয়েছিল। পরে অনেক কষ্টে তিন লাখ টাকা দিয়ে ম্যানেজ করেছি। ওই মেলায় অনেক ক্ষতি হয়েছে আমার।’
অভিযোগ অস্বীকার করে সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, ‘পুলিশ কমিশনারের শ্যালক মন্টু আমাকে কমপক্ষে ১০০ বার ফোন করেছে। আমি ওর কাছে কখনো কোনো টাকা-পয়সা চাইনি, কোনো কিছুই না। ছয় মাস আগের একটি ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখন সামনে আনা হয়েছে। ও নিজেই টাকা অফার করেছিল। যদি আমি জোর করে কিছু চাইতাম, তাহলে এতদিন পরে কেন বলবে?’
পটুয়াখালীতে অতিভারী বৃষ্টি, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত
সখীপুরে বিএনপি নেতার পদ স্থগিত