আজ রাতে চেলসির জয় নাকি ব্রাজিলিয়ান চমক?

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম

এবার ক্লাব বিশ্বকাপের শুরু থেকেই চমক দেখিয়ে আসছে ব্রাজিলের ক্লাবগুলো। সেই ধারাবাহিকতায় ব্রাজিলের একটি দল আছে সেমিফাইনালেও। আজ মেট লাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলবে চেলসি। ফ্লুমিনেন্স চমক বজায় থাকবে নাকি চেলসিই যাবে ফাইনালে।

সেমিতে আসার পথে ফ্লুমিনেন্স দুটি ইউরোপিয়ান ক্লাবের বিপক্ষে খেলেছে। গ্রুপপর্বে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। আর শেষ ষোলোতে ফ্লুমিনেন্স হারায় এবার চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইতালির দল ইন্তার মিলানকে। কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স হারায় সৌদি আরবের অন্যতম সফল দল আল হিলালকে। ফলে প্রথম সেমিতে ফ্লুমিনেন্সের বিপক্ষে চেলসিকে পরিষ্কার ফেভারিট ভাবা যাচ্ছে না।

এই আসরে ফ্লুমিনেন্স হতে যাচ্ছে ব্রাজিলের তৃতীয় ক্লাব যাদের বিপক্ষে খেলবে ব্লুজরা। গ্রুপ পর্বে চেলসি ব্রাজিলের আরেক ক্লাব ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে হারে ৩-১ গোলে। আবার কোয়ার্টার ফাইনালে চেলসি মুখোমুখি হয় ব্রাজিলের আরেক ক্লাব পালমেইরাসের। সেই ম্যাচে চেলসি জেতে ২-১ ব্যবধানে। তবে ম্যাচটি চেলসি জিতেছে আত্মঘাতী গোলে। এবারও যে চেলসির জন্য সহজ হবে না ম্যাচ তা বলাই যায়। এই ম্যাচে চেলসি স্ট্রাইকার লিয়াম ডেলাপ ও ডিফেন্ডার রোমেও লেভিয়াকে পাবে না কার্ডের নিষেধাজ্ঞার কারণে। রেসে জেমসের খেলা নিয়েও আছে শঙ্কা।

চেলসির কোল পালমারের দিকে বিশেষ নজর রাখতে হবে ফ্লুমিনেন্সকে। ব্লুজদের কোচ এনজো মারেস্কা এবার ক্লাব বিশ্বকাপে পালমারকে তিনটি ভিন্ন পজিশনে খেলিয়েছেন। রাইট উইং, লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছেন পালমার। মারেস্কা বলেন, 'পালমার দুই পায়েই খেলতে পারেন। বেনফিকার বিপক্ষে বাঁ দিকে খেলেছিল। ডান দিকেও খেলতে পারেন। বাম-ডান দুটি তার আয়ত্তে আছে।'

ফ্লুমিনেন্সের অধিনায়ক থিয়াগো সিলভা। তিনি আগে চেলসিতেও খেলেছেন ২০২০-২৪ পর্যন্ত। সেখানেও অধিনায়কত্ব করেছেন। ফলে চেলসির অনেক খেলোয়াড় সম্পর্কেই ভালো ধারণা আছে সিলভার। ৪০ বছর বয়সী সিলভা সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন চেলসির বিপক্ষে। আর ফ্লুমিনেন্সের ডিফেন্স লাইন ভেদ করার পর শেষ প্রহরী হিসেবে গোলকিপার ফাবিও তো আছেনই। ৪৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গোলকিপার দারুণ খেলছেন ক্লাব বিশ্বকাপে।

সিলভা সম্পর্কে ফ্লুমিনেন্স কোচ রেনাতো বলেন, 'সিলভা এর আগেও ফিফার বিশ্বকাপ খেলেছে। ইউরোপের বড় কয়েকটি দলেও খেলার অভিজ্ঞতা আছে তার। আমাদের দলের জন্য সে অভিজ্ঞতার ঝুলি নিয়ে এসেছে। তার মাঠে থাকা মানে একজন কোচ মাঠে থাকা। ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হওয়া অনেক দলের বিপক্ষেই খেলেছেন সিলভা। যেভাবে সিলভা খেলছে বয়স ৪০ হলেও সে ২০২৬ বিশ্বকাপে খেলবে পারবে বলে আমি বিশ্বাস করি।'

চেলসির বিপক্ষে ম্যাচ নিয়ে ফ্লুমিনেন্স কোচ বলেন, 'অনেকেই হয়তো বিশ্বাস করেনি যে আমরা সেমফাইনালে আসতে পারি। আমাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ। চেলসির প্রতি সম্মান রেখেই বলছি, আমরা এখানেই থামতে চাই না। আমরা টুর্নামেন্ট জিততে চাই। জানি চেলসি কঠিন প্রতিপক্ষ। তবে আমরা লড়াই করবো।' এবার উয়েফা কনফারেন্স লিগ জিতেছে চেলসি, ক্লাব বিশ্বকাপের ফাইনালে যাওয়ার হাতছানি ব্লুজদের সামনে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত