কক্সবাজার সৈকতে ভেসে এলো আরেক শিক্ষার্থীর লাশ, এখনো নিখোঁজ ১

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে ডুবে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তার সহপাঠী অরিত্র হাসান।

আজ বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় সমিতিপাড়া সৈকতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা ট্যুরিস্ট পুলিশ ও সি সেইফ লাইফ গার্ডকে খবর দেয়। পরে তাদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আসিফ বগুড়া সদর উপজেলার দক্ষিণ নারুলী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার সাগর থেকে উদ্ধার করা হয় ঢাকার মিরপুরের সাদমান রহমান সাবাব (২১) নামে আরেক শিক্ষার্থীর মরদেহ। নিখোঁজ অরিত্র হাসানও বগুড়া সদর উপজেলার বাসিন্দা। তিনজনই চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিক্ষার্থীর বন্ধু ও স্বজনদের দেওয়া ছবি মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

এদিকে নিখোঁজ আরেক শিক্ষার্থী অরিত্রকে উদ্ধারের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস কার্যালয়ের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, সাগর এত উত্তাল যে সেখানে ডুবুরি নামাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। স্রোতের টানও অনেকে বেশি। তবু নিখোঁজ আরেক শিক্ষার্থীকে উদ্ধারে তৎপরতা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত