ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গিয়ে নির্ধারিত সময় শেষে দেশে না ফেরায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’—এই দুটি অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, প্রথম সচিব তানজিনা রইস ছুটিতে অস্ট্রেলিয়া গেলেও নির্ধারিত সময়ে ফেরত আসেননি। এমনকি একাধিকবার ই-মেইলের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দেননি।
চেয়ারম্যানের সই করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী, তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করা কর্তৃপক্ষ প্রয়োজন ও যুক্তিযুক্ত মনে করেছেন। সে অনুযায়ী, বিধি ১২(১) অনুসারে তানজিনা রইস (পরিচিতি নম্বর ৩০০১৫৮)–কে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, বরখাস্ত থাকার সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা