নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে অনুপ্রবেশ করায় দায়ে মহিদুল মন্ডল (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে অনুপ্রবেশ মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান।
এর আগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মহিদুল মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের সুরত মন্ডলের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানা যায়, বৃহস্পতিবার পৌরশহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় মহিদুল মন্ডলকে পাগলের মত ঘুরতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে মহিদুল মন্ডল নিজেকে ভারতীয় নাগরিক ও উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে জানান। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
এদিকে নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলেও বৈধ কাগজপত্র কিংবা কোন পাসপোর্ট দেখাতে পারেনি মহিদুল মন্ডল।
তিনি জানান, ভারতের দিল্লিতে দীর্ঘদিন ধরে ভাঙ্গারির ব্যবসা করেছেন। ১৫-১৬ দিন আগে ভারতে থাকা বাংলাদেশিদের সাথে কাজের আশায় বাংলাদেশে প্রবেশ করেন। এরপর বাংলাদেশিরা তাকে ব্রিজ এলাকায় ফেলে গেলে তিনি বিভিন্ন স্থান ঘুরে দুর্গাপুরে চলে আসেন।
দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, মহিদুল মন্ডল নিজেকে ভারতীয় নাগরিক দাবি করেছেন। তবে বৈধ কোন কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে দুর্গাপুর থানা মামলা দায়ের হয়েছে। এই মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
