চাঁদপুরে মাওলানা আ ন ম নুরুর রহমান মাদানীর ওপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের শপথ চত্ত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরে উগ্রবাদের কোনও ঠাঁই নেই। আলেম-উলামাদের ওপর হামলা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজান খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযুক্ত বিল্লাল হোসেন শনিবার সন্ধ্যায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আহত খতিব আনম নূর রহমান মাদানী ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে নিশ্চিত করেছেন তার ছেলে আফনান তাকি। এই ঘটনায় শুক্রবার রাতে তিনি বাদী হয়ে মডেল থানায় অভিযুক্ত বিল্লালকে আসামি করে মামলা দায়ের করেন।
এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর শহরের প্রফেসর পাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদের খতিব মাওলানা আনম নূর রহমান মাদানীকে ধর্মীয় বক্তব্যে ক্ষুব্ধ হয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বিল্লাল হোসেন।
মুরাদনগরে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ভারত না এলেও ঢাকাতেই হবে এসিসির সভা