নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, প্রাণ গেল ভ্যানচালকের

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১২:৫৭ পিএম

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ভোমরাডাঙ্গা-রামনগর সীমান্ত এলাকায় বাস ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে সাগর হোসেন (২৭) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। আজ রবিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন মাগুরা জেলার গৌরীচরণপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল আউয়ালের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুরের গাংনী থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঝিনাইদহ হয়ে যাওয়ার পথে রামনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুতগামী বাসটি সড়কের ওপর থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়ক থেকে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাগর মারা যান।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নির্মল কুমার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই নির্মল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত