ক্যারিয়ারের একেবারে শেষপ্রান্তে এসে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছেন আনহেল ডি মারিয়া। গতকাল গোদোই ক্রুজের বিপক্ষে ছিল তার প্রত্যাবর্তন ম্যাচ। ১৮ বছর পর শৈশবের ক্লাবে ফেরা ডি মারিয়াকে রাজকীয়ভাবে বরণ করে নিয়েছে ক্লাব এবং সমর্থকেরা। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি গোল করেছেন। এরপর বাজে ট্যাকলের শিকার হয়ে মাঠ ছেড়েছেন কাঁদতে কাঁদতে।
গতকাল শনিবার রাতে এস্তাদিও জিহান্তে দে আরোয়িতোয় অনুষ্ঠিত ম্যাচের আগে ৪৬ হাজার দর্শক উঠে দাঁড়িয়ে বরণ করে নেয় ক্লাবের নায়ককে। এসময় ডি মারিয়ার চোখ দিয়ে জল পড়ছিল। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে করা ডি মারিয়ার গোলেই এগিয়ে যায় রোজারিও সেন্ট্রাল। গোলবারের ডান পাশ দিয়ে তাঁর নিচু করে নেওয়া শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি প্রতিপক্ষ গোলকিপার। আবারও শোনা যায় দর্শকদের গগনবিদারী চিৎকার।
একটু পর ৮৯ মিনিটেই ভিন্ন অভিজ্ঞতা হয় ডি মারিয়ার। প্রতিপক্ষের এক খেলোয়াড় বাজেভাবে ট্যাকল করলে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন ৩৭ বছর বয়সী উইঙ্গার। প্রচণ্ড ব্যথায় এসময় তিনি কাঁদছিলেন। পুরো গ্যালারি যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ম্যাচে সমতা ফেরান ক্রুজের ভিসেন্তে পোগ্গি। অবশ্য স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলেও ডি মারিয়ার চোট গুরুতর নয় বলেই জানা গেছে।
১৯৯২ সালে মাত্র ৪ বছর বয়সে রোজারিও সেন্ট্রাল একাডেমিতে যোগ দেন ডি মারিয়া। বিভিন্ন ধাপ পেরিয়ে ২০০৫ সালে সুযোগ পান মূল দলে। ২০০৭ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেছেন। শৈশবের ক্লাবে ফিরতে পেরে ডি মারিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই অবিস্মরণীয় মুহূর্তের জন্য এত বছর অপেক্ষা করেছি। এতটা ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা যে ফল চেয়েছিলাম, তা এই ম্যাচে পাইনি। তবে এটি সবে শুরু, এখনো অনেক পথ বাকি। চলো, এগিয়ে যাই।’
ছেলেরা পারেনি, প্রথমবারেই পদক জিতল বাংলাদেশের মেয়েরা
২৫৯৪ টেস্টের ইতিহাসে মাত্র ৯ম বার টাই হলো প্রথম ইনিংস
আজ কারা জিতবে? বাংলাদেশ না রংপুর রাইডার্স?