‘মেসি প্রতি তিন দিনে একটা করে রেকর্ড ভাঙছে’

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম

মেজর সকার লিগে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে প্রথম গোলটি করেছেন ফ্রি কিক থেকে। তাতে ৬৯টি গোল নিয়ে ফ্রি কিক থেকে গোলের রেকর্ডে মেসি উঠে এসেছেন চতুর্থ স্থানে। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকার উচ্ছসিত প্রশংসা করেছেন মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো।

৩৮ বছর বয়সী মেসির মাঝে সেই আগের মতোই গোলের ক্ষুধা দেখে মাশ্চেরানো বলেছেন, ‘সে (মেসি) অবিশ্বাস্যভাবে নিজের কাজ করে চলেছে। প্রতি তিন দিনে (একটা করে) রেকর্ড ভাঙছে। সে এই দলের পতাকা বাহক, আমাদের নেতা। আমরা মাঠের খেলায় কতটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারি, মেসিই সেটার মান স্থাপন করেছে। তার ক্যারিয়ারের এই পর্যায়ের অংশ হতে পারাটা আমার জন্য সত্যিই আশীর্বাদ।’

টানা ছয় ম্যাচ অপরাজিত মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট ৫ নম্বরে আছে। লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে ১০ গোলের সঙ্গে ৪টিতে সহায়তাও করেছেন মেসি। এই পাঁচ ম্যাচেই ইন্টার মায়ামি জিতেছে। আজকের আগে মেসি জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে। অথচ আগের ম্যাচেই তিনি টানা চার ম্যাচে জোড়া গোলের রেকর্ড গড়েছিলেন। এবার নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত