মালয়েশিয়ার পুত্রজায়ায় নিজের শততম জন্মদিন পালন করছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। একপর্যায়ে তিনি ক্লান্ত অনুভব করেন। জন্মদিনের কেক কাটার আগেই স্ত্রীকে নিয়ে অনুষ্ঠান ত্যাগ করেন। তারপর তাকে ভর্তি করানো হয় ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে। বিকেলে হাসপাতালটি থেকে ছাড়া পান তিনি।
মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানান, সাবেক প্রধানমন্ত্রী সকাল ১০টার দিকে অনুষ্ঠান ছেড়ে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) বিশ্রামের জন্য ভর্তি হন। তিনি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি অনুষ্ঠান ছেড়ে যান এবং বর্তমানে আইজেএনে বিশ্রামে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল, তবে চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
পরে রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে আইজেএন থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরে যান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।
পুত্রজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে মাহাথিরের একশতম জন্মদিন উদ্যাপনে এক জনসমাবেশ আয়োজন করা হয়েছিল। যদিও তার স্বাস্থ্যগত কারণে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করতে হয়, তবুও অনুষ্ঠানটি উপস্থিত মালয়েশিয়ানদের মনে রাখার মতো ছাপ রেখে যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাথিরের পুত্র তান স্রি মোখজানি মাহাথির এবং তেরেঙ্গানুর মুখ্যমন্ত্রী আহমাদ সামসুরি মোকতার।
