হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

  • জুলাই মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী
  • নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পিএম

শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। মানহানির মামলায় আদালতে হাজিরা দিতে পারেননি, এ খবর গণমাধ্যমগুলোতে প্রকাশ হওয়ার পর বুধবার (১৬ অক্টোবর) তার কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সর্বশেষ গত জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি বছরের শুরুতে প্রায় তিন মাস হাসপাতালেও ছিলেন তিনি। মূলত সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির হৃদ্‌যন্ত্রের বিভিন্ন জটিলতায় ভুগছেন এবং তার বাইপাস সার্জারি হয়েছে।

রয়টার্স জানায়, মালয়েশিয়ার বর্তমান উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার জন্য বুধবার আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল মাহাথিরের। তবে স্থানীয় গণমাধ্যম জানায়, তাকে জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বিধায় শুনানি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

মাহাথিরের একজন সহযোগী রয়টার্সকে জানান, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত কারণে কাশির জন্য মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে এবং আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চিকিৎসা ছুটিতে থাকবেন তিনি।

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মাহাথির মোহাম্মদ। তিনি ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন এবং ২০০৩ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেও দলীয় কোন্দলের কারণে মাত্র দুই বছরের কম সময়ে তার সরকার ভেঙে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত