জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। ভাগবাটোয়ারা লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না। তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। আমরা দেশের সংস্কার ও বিচার চেয়েছি। এসব দাবির বিরুদ্ধে একটি পক্ষ দাঁড়ালেও গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে রয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক পথসভায় তিনি এ কথা বলেন। প্রবল ঝড়-বৃষ্টি সত্ত্বেও নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেন।
নাহিদ ইসলাম বলেন, অনেকে ভেবেছিল দু-একটি আসন ও ক্ষমতার লোভ দেখিয়ে আমাদের শক্তি দখল করবে। কিন্তু যারা বিপ্লবের পথে আছে, তাদের কিনে নেওয়ার সাধ্য কারও নেই। তিনি পিরোজপুরের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, দুর্নীতি ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ফয়সাল মাহমুদ শান্তসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জেলা প্রধান সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি শেষে নেতাকর্মীরা পদযাত্রা করেন।
এর আগে শনিবার রাতে দলীয় নেতারা শহরের সাঈদী ফাউন্ডেশনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত ও দোয়া করেন।
কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
সেনা হস্তক্ষেপে ৫ ঘণ্টা পর বনানীতে যান চলাচল শুরু