লন্ডনে প্লেন বিধ্বস্তে সব ফ্লাইট বাতিল 

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম

দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এসময় ওই উড়োজাহাজ আগুনে পুড়ে গেছে বলে জানায় এসেক্স পুলিশ। এ ঘটনার জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দরটি। সেইসাথে বাতিল করা হয়েছে শিডিউলে থাকা সমস্ত ফ্লাইট। খবর, রয়টার্সের।

রবিবার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো। উড়োজাহাজে কতজন ছিলেন তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পুলিশ, জরুরি পরিষেবা এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পূর্ব ঘোষিত সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে যার মধ্যে রয়েছে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট।

দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ লেখেন, সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এটা নিশ্চিত। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সবাই এবং জরুরি সেবাকর্মীদের প্রতি আমার সমবেদনা।

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকাল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান। সম্ভব হলে মানুষজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলেছেন তারা।

এদিকে সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত