জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চট্টগ্রামে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার সকালে নগরীর পাঁচলাইশ জুলাই স্মৃতি উদ্যানে জেলা প্রশাসক ফরিদা খানম ‘শহীদ স্মৃতি স্তম্ভ’ ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র তরুণদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য সরকারি হাসপাতালে সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে পাঠানো হবে বিদেশে। এই চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে সরকার। এর বাইরে তাঁদের নগদ অর্থসহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে কাজ করতে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ৫ আগস্ট সারা বাংলাদেশে একযোগে ‘শহীদ স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করা হবে।
