বগুড়া

মুষলধারে বৃষ্টিতে জনদুর্ভোগ, রিক্সাভাড়া দ্বিগুণ

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম

বগুড়ায় একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিভিন্ন মহল্লার রাস্তায় পানি জমেছে। ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষ। সুযোগ পেয়ে রিক্সাওয়ালারাও ভাড়া দ্বিগুণ হাঁকছেন অভিযোগ শহরে চলাচলকারীদের।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত মুষলধারে ও বিকেল ৩টা পর্যন্ত থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৮২.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।  

সরেজমিনে দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, বড়গোলা, টিনপট্টি, বাদুরতলা, নামাজগড়, গোয়ালবাড়িসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে।

বড়গোলা এলাকার আলম হোসেন, আনোয়ার হোসেন জানান, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে। মহল্লার গলিতে পানি জমে বসতবাড়ির ভিতরে পানি ঢুকে। ড্রেনেজ ব্যবস্থা সং‌স্কার না করায় দুর্ভোগ দীর্ঘদিন ধরে।

স্কুলে যাতায়াত পথে শিক্ষার্থী ও অভিভাবকরা বেশি ভোগান্তিতে পড়েছে। রিকশা না পেয়ে অনেকেই হেঁটে যেতে দেখা গেছে।

রবিউল ইসলাম নামে এক অভিভাবক বলেন, বৃ‌ষ্টি হলেই রিকশা পাওয়া যায় না, আবার ভাড়া দ্বিগুণ হয়ে যায় তাই হেঁটে যেতে হচ্ছে। এদিকে বেলা ১২টার দিকে শহরের স্কুলগুলোর মর্নিং শিফটের ছুটি হলে অনেক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে থাকেন। 

বগুড়া বিয়াম স্কুলের সামনে থাকা কয়েকজন রিক্সাচালক জানান, বৃষ্টিতে ভিজে রিক্সা চালাতে হয়। জ্বর সর্দি হয়। তাই বৃষ্টি হলে ভাড়া বেশি ধরা হয়। বেশি ভাড়া দিলে যান, নইলে বসে থাকেন তারা।

আবহাওয়া অধিদপ্তর বগুড়ার উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কবীর জানান, মঙ্গলবার সারাদিন বৃষ্টি হতে পারে, আরো দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত