ইয়ামালের বিরুদ্ধে বামন ভাড়া করে ‘প্রতিবন্ধী আইন লঙ্ঘনের’ অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৯:৪৭ এএম

বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের ১৮ বছর বয়সে পদার্পণ উপলক্ষে জাঁকজমকভাবে জন্মদিনের উৎসব হয়েছে। সেই পার্টিতে এসেছিলেন বহু নামীদামী লোকজন। কিন্তু অতিথিদের বিনোদন দিতে একদল বামন ভাড়া করে পড়েছেন বিপাকে। তার বিরুদ্ধে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে! শীঘ্রই এ বিষয়ে তদন্ত শুরু হওয়ার কথা।

স্প্যানিশ বার্তা সংস্থা ‘ইএফই’ জানিয়েছে, জন্মদিন উদ্‌যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের অনুরোধ করেছে স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ  থেকে বলা হয়েছে, পাবলিক প্রসিকিউটর অফিস, স্পেনের ন্যায়পাল এবং ঘৃণা অপরাধ প্রতিরোধ দপ্তর এই বিষয়টি নিয়ে তদন্ত করুক। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের অপমান বা উপহাস করে আইনের লঙ্ঘন করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।Lamine Yamal"s glitzy 18th birthday party turns into dwarf scandal

ইয়ামালের জন্মদিনের অনুষ্ঠান হয়েছে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে। সেখানে ছবি তোলা পর্যন্ত নিষিদ্ধ ছিল। তারপরও কিছু ভিডিও আর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখনই বামনদের ভাড়া করার বিষয়টি ফাঁস হয়ে যায়। এরপরই জন্মদিনের অনুষ্ঠানে বিনোদনের উদ্দেশ্যে বামনত্বে আক্রান্ত ব্যক্তিদের ব্যবহারের অভিযোগ এনে তীব্র নিন্দা জানায় বামনদের নিয়ে কাজ করা স্পেনের সংস্থা এডিইই।

অবশ্য নাম প্রকাশ না করার শর্তে বামন দলের এক পারফরমার জানান, পার্টিতে তাদের প্রতি যথেষ্ট সম্মান দেখানো হয়েছে। তিনি বলেন, ‘কেউ আমাদের প্রতি অসম্মান দেখায়নি। আমাদের শান্তিতে কাজ করতে দেওয়া উচিত। আমি বুঝছি না এটা কেন এত বড় ব্যাপার হয়ে গেল। আমরা সাধারণ মানুষ, যারা সম্পূর্ণ বৈধ উপায়ে আমাদের প্রিয় কাজটিতে নিজেদের উৎসর্গ করি। কয়েক বছর ধরে এই লোকেরা (এডিইই) আমাদের ক্ষতি করতে চাচ্ছে। আমরা যা করি তাতে তারা আমাদের বাধা দিতে চায়। আমাদের তো অন্য কোনো কাজ বা প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়নি!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত