'নৌকা' মার্কাকে কেন শিডিউলভুক্ত করতে পাঠানো হলো? প্রশ্ন আসিফ মাহমুদের

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সেই প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন। 

আসিফ মাহমুদ লেখেন, অভিশপ্ত ‘নৌকা’ প্রতীকটি কোন বিবেচনায় পুনরায় তালিকাভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে?  সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা কি এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন? কার এজেন্ডা বাস্তবায়ন করতে এই প্রতীক রাখা হচ্ছে?

তিনি আরও যোগ করেন, পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের প্রতীক ফিরিয়ে দিতে চান? একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে এ প্রশ্ন রইল।

পোস্টের মন্তব্যে আসিফ স্পষ্ট করেন, আমি সরকারি দায়িত্বে থেকে ইসিকে প্রশ্ন করছি না, একজন নাগরিক হিসেবে করছি। নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান নয়, তাই প্রশ্ন করার এখতিয়ার সবার আছে।

এর আগে, গত রোববার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক তালিকা থেকে সরানো হবে না। তিনি বলেন, প্রতিটি দলের জন্য আলাদা প্রতীক বরাদ্দ থাকে, যা ইসির সংরক্ষিত তালিকায় থাকে। কোনো দল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাতিলের সুযোগ নেই।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ১২ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। একই দিনে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত