বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিতে ভোটদান শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে জয়লাভ করেছিলেন। আইনি বাধ্যবাধকতায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার পর শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর আকস্মিক মৃত্যুতে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল, যা আজ সাধারণ নির্বাচন হিসেবে সম্পন্ন হচ্ছে।

বগুড়া-৬ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এখানে ১৫০টি কেন্দ্রের ৮৩৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী— বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর মো. আল-আমিন তালুকদার।

শেরপুর-৩ আসনেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা তিনজন। তারা হলেন— বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান। এই আসনে মোট ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে ১২৮টি ভোটকেন্দ্রের বিপরীতে ৭৫১টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় ১৮ থেকে ২০ জন করে নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বজায় রাখতে ৩৬ জন নির্বাহী ও বিচারিক হাকিম দায়িত্ব পালন করছেন। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ প্রায় ৫ হাজার নির্বাচন কর্মকর্তা বর্তমানে ভোটগ্রহণের কাজে নিয়োজিত আছেন।

পুরো নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশনের নিজস্ব ১৮ জন পর্যবেক্ষক ছাড়াও স্থানীয় পর্যায়ের প্রায় চার শতাধিক পর্যবেক্ষক মাঠে কাজ করছেন। এছাড়া যারা সরাসরি কেন্দ্রে আসতে পারছেন না, তাদের জন্য ডাকযোগে ভোট বা পোস্টাল ব্যালটের সুবিধাও নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, উভয় আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত