সিঙ্গাপুরে আজ শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ৪ দিনের বার্ষিক সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে যাচ্ছে দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট কাঠামো।
সভায় মূলত দলগুলোর প্রোমশন ও অবনমনের মানদণ্ড নিয়ে আলোচনা হবে। তবে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে এর কোনো প্রভাব পড়বে না। নতুন কাঠামো ২০২৭-২০২৯ চক্রে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।
এই বার্ষিক সভায় প্রথমবারের মতো সভাপতিত্ব করবেন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ, যিনি গত ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। সভায় অংশ নিচ্ছেন নবনিযুক্ত সিইও সঞ্জয় গুপ্তাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভায় অংশ নিচ্ছেন
এর আগে জিম্বাবুয়েতে আইসিসির বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসে। তখন সিদ্ধান্ত হয়েছিল যে, এর ক্রীড়াগত ও আর্থিক প্রভাব আরও সময় নিয়ে পর্যালোচনা করতে হবে।
বর্তমানে ডব্লিউটিসিতে অংশগ্রহণকারী ৯টি দলের সঙ্গে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে যুক্ত করে দুই স্তরে ৬টি করে দল রাখার পরিকল্পনা রয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বিস্তর কাঠামোর বড় সমর্থক। নতুন কাঠামো অনুযায়ী, তারা ও ভারত প্রতি তিন বছরে একে অপরের বিপক্ষে দুইবার খেলতে পারবে, যেখানে বর্তমান কাঠামোয় চার বছরে দুইবার মুখোমুখি হয়।
এছাড়াও আলোচনায় আসতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের জন্য ন্যূনতম বয়সসীমা নির্ধারণের বিষয়টি। বিষয়টি চিফ এক্সিকিউটিভস কমিটি (সিইসি) সভার আলোচ্যসূচিতে রয়েছে, যেখানে আইসিসির মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনা হবে।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির পর পুরুষ ও নারী বিভাগের জন্য ৬টি করে দল নির্বাচনের প্রক্রিয়াও শুরু হবে এই সভায়। সম্ভাব্যভাবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই দল নির্ধারণ করবে আইসিসি।
পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত, এরপর রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
তবে আলোচনায় প্রধান বিষয় হয়ে উঠতে পারে—স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাবে কি না। এ বিষয়ে জয় শাহ সম্প্রতি লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কমিটির সঙ্গে বৈঠক করেছেন।
সূত্র: টেলিগ্রাফ অনলাইন
১০ বছর ধরে খেলছি, রানের জন্য ক্ষুধার্ত ছিলাম: লিটন