ফরিদপুরে জনতা ব্যাংক মোড় এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া এ কর্মসূচিতে এখনও পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি।
এর আগে ঘোষিত সময় অনুযায়ী, সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও বুধবার গোপালগঞ্জে এনসিপির মিছিলে হামলা-সংঘর্ষের প্রেক্ষিতে তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় শুরু করা হয়।
সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত হয়েছেন। তাদের কেউ কেউ উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর দেড়টায়।
ফরিদপুর এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ‘সকাল ১০টায় সভা শুরুর কথা থাকলেও এখন তা দুপুর ১টায় হবে। কেন্দ্রীয় নেতারা এখনও ফরিদপুরে এসে পৌঁছাননি। স্থানীয় নেতাকর্মীরা এসেছেন, তারা বক্তব্য রাখছেন।’
সমাবেশস্থলের নিরাপত্তা নিয়ে নাগরিক কমিটির এক সদস্য বলেন, ‘আমরা মনে করি না গোপালগঞ্জের মতো ফরিদপুরে কোনো হামলা বা বিশৃঙ্খলা হবে। এখানকার মানুষ শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল। সভা শান্তিপূর্ণভাবেই শেষ হবে।’
নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, ‘সমাবেশ কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও আনসার সদস্যরাও নিরাপত্তায় থাকবেন। ফরিদপুর জেলার নিজস্ব জনবলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, বাইরে থেকে অতিরিক্ত ফোর্স আনার প্রয়োজন পড়েনি।’
রাজধানীতে এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ 