ধস্তাধস্তির সময় নিজের ছুরিতে যুবক আহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় নিজের ছুরির আঘাতে আহত হয়েছেন আবু ইউসুফ জীবন নামে এক যুবক। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কুঞ্জছায়া এলাকায় এ ঘটনা ঘটে। 

তবে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, আবু ইউসুফ জীবন নামের যুবকটি নিজের ছুরিতে নয়, তার ওপর হামলা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেখান থেকে আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রের অভিযোগ, আবু ইউসুফ জীবন এলাকায় চাঁদাবাজি, অস্ত্রবাজি ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে গত সোমবার টেক্সটাইল মোড়ে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নাভিদ নামে এক যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি দেন আবু ইউছুপ জীবন। 

উক্ত ঘটনার জেরে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে কুঞ্জছায়া এলাকায় দেখতে পেয়ে তাকে (জীবন) ঘিরে ফেলে স্থানীয়রা। এ সময় ইকরাম ও বাবু নামে দুই যুবকের সঙ্গে শুরু হয় জীবনের ধস্তাধস্তি। একপর্যায়ে নিজের হাতে থাকা ছুরির আঘাতে আহত হন জীবন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন জীবন তার ওপর "হামলার" জন্য মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলকে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ স্থানীয়দের। 

জানা গেছে, ২০২৪ এর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগে আবু ইউছুপ জীবন যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি চসিকের শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোবারক আলীর অন্যতম প্রধান সহযোগী হিসেবেও পরিচিত। যুবলীগের বিভিন্ন কর্মসূচি ও মোবারক আলীর সঙ্গে জীবনের একাধিক ছবিও রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত