ট্রল সহ্য করে ফর্মে ফেরা খুব কঠিন ছিল লিটনের জন্য

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম

দীর্ঘদিন ধরেই সাদা বলে ব্যাড প্যাচের মধ্যে ছিলেন লিটন কুমার দাস। মিডিয়ায় চলছিল কঠোর সমালোচনা। আর সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে চলছিল হাস্যরস। আক্রমণ করা হচ্ছিল তার পরিবারকেও। সেই লিটনই ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতালেন দলকে। নিজে জিতলেন সিরিজসেরার পুরস্কার। এই পথটা লিটনের জন্য মোটেও সহজ ছিল না।

শ্রীলঙ্কা সিরিজ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দল দেশে ফিরেছে। বিমানবন্দরে লিটনের লড়াই নিয়ে সাংবাদিকদের জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘তার জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, ব্যাড প্যাচ যাচ্ছিল। আমরা জানি, আমাদের ব্যাড প্যাচ গেলে… যেহেতু বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, সোশ্যাল মিডিয়ায় বেশি ট্রল করা হয়। এভাবে ফিরে আসার সঙ্গে নেতৃত্বেও সে অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা করি এবং দোয়া করব, যেন এটা ধরে রাখে।’

টেস্টে ড্র করে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ। পরের টেস্টে জোটে ইনিংস পরাজয়। এরপর মেহেদী মিরাজের নেতৃত্বে ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও শেষ দুই ম্যাচ দাপটে জিতেছে লিটন দাসের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৪ রানের বিশাল জয়ের পর গতকাল শেষ ম্যাচে টাইগাররা জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পেছনে ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফকেও কৃতিত্ব দিয়েছেন নাফিস, ‘আমাদের কাজই তো এটা। ওদের বিশ্বাসটা ধরে রাখা। কোচিং স্টাফরা আছে-যেকোনো সময়ে, ভালো হোক বা খারাপ, আমাদের কিন্তু ওই ছন্দ রেখেই চলতে হয়। আমি খুবই গর্বিত আমাদের ম্যানেজম্যান্ট যারা ছিল, বিশেষ করে দেশি অনেকে ছিল। কৃতিত্বটা তাদের সবারও।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত