বিখ্যাত ১০ নম্বর জার্সি এখন লামিন ইয়ামালের

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম

বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি এমনিতেই বিখ্যাত। লিওনেল মেসিসহ অনেক মহাতারকা এই জার্সিতে মাঠ মাতিয়েছেন। এতদিন এই জার্সি পরতেন আনসু ফাতি। তিনি ধারে মোনাকোতে চলে যাওয়ায় ১০ নম্বর জার্সিটা পেলেন লামিন ইয়ামাল। গতকাল বুধবার ইয়ামালের হাতে ক্লাবটির আইকনিক ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে।

স্পেনের এই নতুন সেনসেশন ছোটবেলাতেই মেসির ছোঁয়া পেয়েছিলেন। মেসি তার আদর্শ। তাই অনেকে বলছেন, যোগ্য উত্তরসূরিই খুঁজে পেয়েছে বার্সার ১০ নম্বর জার্সি। একইসঙ্গে ইয়ামালের সঙ্গে গতমাসে করা চুক্তির সমস্ত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে। ইয়ামাল স্পেনের যে অঞ্চল থেকে উঠে এসেছেন, সেই রোসাফন্দায় তার একটি ম্যুরালও বানিয়েছে বার্সেলোনা।

১০ নম্বর জার্সির মালিক হয়ে সংবাদমাধ্যমকে ইয়ামাল বলেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেলব। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রত্যেক শিশুই এই স্বপ্ন দেখে। মেসি তার মতো করে এই জার্সিটা গড়েছেন, আমি আমার মতো করে গড়ব। আর ১০ নম্বর জার্সিটি আমি আনসু ফাতির কাছ থেকে পেয়েছি। নিজের পথটা আমি নিজেই গড়ার চেষ্টা করব।’

উল্লেখ্য, বার্সার ১০ নম্বর জার্সি পরেছেন বিখ্যাত সব ফুটবলার। যাদের মাঝে আছেন- দিয়েগো ম্যারাডোনা, রিস্টো স্টয়চকভ, রোমারিও, রিভালদো, রোনালদিনহো, মেসির মতো কিংবদন্তিরা। ২০২১ সালে বার্সা ছাড়ার আগ পর্যন্ত এই জার্সি পরেই ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি। তিনি পিএজিতে যাওয়ার পর এই জার্সি পেয়েছিলেন আনুস ফাতি। কিন্তু ক্রমাগত চোটের কারণে তার ক্যারিয়ার এগোয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত