চুল টানাটানির ঘটনায় সাগরিকা-সিমরান ৩ ম্যাচ নিষিদ্ধ

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে এক ম্যাচের দুই অর্ধ দুই মাঠে হওয়ার মতো ঘটনা ঘটেছে। এবার ফুটবলারদের বড় শাস্তি দেওয়ার ঘটনাও ঘটল।

বাংলাদেশ-নেপালের ম্যাচের ৫৪ মিনিটে বাংলাদেশের ফুটবলার সাগরিকা ও নেপালের খেলোয়াড় সিমরান সরাসরি লাল কার্ড দেখেছিলেন। সিমরান সাগরিকার চুল টেনে ধরেছিলেন। পরে নেপালের আরেক খেলোয়াড়ের উপর চড়াও হয়েছিলেন সাগরিকাও। সেই ঘটনাতেই বড় শাস্তি পেলেন সাগরিকা। একই শাস্তি পেয়েছেন সিমরানও।

লাল কার্ডে সাধারণত পরের ম্যাচে নিষিদ্ধ থাকেন ফুটবলার। তবে রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির মেয়াদ ও ধরন বৃদ্ধি পেতে পারে। সেটিই হয়েছে। দুই ফুটবলারকেই সমান তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫০০ ডলার করে জরিমানা করেছে।

অনূর্ধ্ব পর্যায়ে এমন বড় শাস্তির ঘটনা কমই দেখা যায়। সাগরিকাকে জরিমানা করলেও মূলত বাফুফেকে এই জরিমানা পরিশোধ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত