দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে ৩২৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত সদস্য, অবৈধ বালি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩২৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপরাধীদের কাছ থেকে ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৬টি ককটেল বোমা, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণসহ ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে। সাধারণ জনগণকে যেকোনও সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়।
