৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির ৩ নির্দেশনা

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৮:১৮ এএম

আজ শুক্রবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা। স্বাস্থ্য খাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে এই বিশেষ বিসিএসের আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে মোট তিন হাজার জনবল নিয়োগ দেওয়া হবে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষা শুধু ঢাকার ২০টি কেন্দ্রেই আয়োজন করা হয়েছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী, যেখানে প্রতিটি পদের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ১৪ জন।

পিএসসি জানিয়েছে, মোট ৩ হাজার পদের মধ্যে সহকারী সার্জন হিসেবে নেওয়া হবে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন ৩০০ জন।

পরীক্ষার্থীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

১. পরীক্ষার দিন সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশপত্র ও কালো কালি ব্যবহারের বলপেন সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময় শেষ হলে, অর্থাৎ ৯টা ৩০ মিনিটের পর কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না।

২. পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ও নির্ধারিত বলপেন ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ নিষিদ্ধ কিছু নিয়ে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩. প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র নিশ্চিত করে যথেষ্ট সময় হাতে রেখে কেন্দ্রে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।

২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা

লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। সময় বরাদ্দ দুই ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

এই অংশে মেডিকেল সায়েন্স থেকে ১০০ নম্বর এবং সাধারণ বিষয় থেকে আরও ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ বিষয়ের মধ্যে থাকবে—বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ এবং গাণিতিক যুক্তি ১০ নম্বরের প্রশ্ন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য থাকবে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা। কেবল যারা এমসিকিউ পরীক্ষায় পাস করবেন, তারাই মৌখিক অংশে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিশেষ বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে সহকারী সার্জন হবেন দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন ৩০০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত