বিজ্ঞানীরা মহাকাশে এমন এক বিরল ঘটনা আবিষ্কার করেছেন যেখানে দুইটি বিশাল ব্ল্যাক হোল সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই দুই ব্ল্যাক হোলের ভর ছিল সূর্যের তুলনায় প্রায় ১০০ ও ১৪০ গুণ বেশি। এই ঘটনা থেকে সৃষ্টি হয়েছে শক্তিশালী মহাকর্ষীয় তরঙ্গ, যা নতুন রেকর্ড স্থাপন করেছে। খবর: সিএনএন
মহাকর্ষীয় তরঙ্গ হলো এমন এক ধরনের ঢেউ, যা মহাকাশের সময় ও স্থানকে ক্ষীণভাবে ঝাঁকিয়ে দেয়। ২০১৬ সালে প্রথমবারের মতো এই তরঙ্গ শনাক্ত হয়েছিল। তখন থেকেই বিজ্ঞানীরা নানা ধরনের ব্ল্যাক হোলের সংঘর্ষ পর্যবেক্ষণ করছেন।
এই নতুন সংঘর্ষ, যার নাম দেওয়া হয়েছে GW231123, আগের যেকোনো সংঘর্ষের থেকে অনেক বড় এবং রহস্যময়। কারণ, সাধারণত এই ধরনের বড় ব্ল্যাক হোলগুলো সূর্যের মতো নক্ষত্র ভেঙে গঠিত হয় না। আর এদের ঘূর্ণনের গতি ছিল খুবই দ্রুত, যা আগে দেখা যায়নি।
বিজ্ঞানীরা ভাবছেন, এই ব্ল্যাক হোলগুলো হয়তো একাধিক আগের সংঘর্ষের ফলাফল। অর্থাৎ ছোট ছোট ব্ল্যাক হোল একত্র হয়ে বড় ব্ল্যাক হোল তৈরি করেছে।
এই আবিষ্কার আমাদের মহাকাশ ও ব্ল্যাক হোলের গঠনের রহস্য বুঝতে সাহায্য করবে। ভবিষ্যতে আরও উন্নত যন্ত্রপাতি দিয়ে বিজ্ঞানীরা এমন আরো অনেক ঘটনা খুঁজে বের করার আশা করছেন।
ট্রাম্পের পাকিস্তান সফরের জল্পনা উড়িয়ে দিল হোয়াইট হাউস