আওয়ামী লীগ শাসনামলে অসহায় হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার নিয়ে যে দায়িত্ব পালন করার কথা ছিল তা না করে তারা শোষণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
শুক্রবার সকাল ১০টায় উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি হলরুমে হাজী মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে জ্বর, ঠান্ডা, কাশ, করোনা সমসাময়ীক শারীরিক সমস্যাজনিত তিন শতাধিক রোগী ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন। এ সময় যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের মাঝেও ফ্রী ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের ফাঁকে এসব কথা বলেন মোস্তফা জামান। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করবে বলে জানান তিনি।
মোস্তফা জামান বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় স্বাস্থ্য সেবা নিয়ে বিস্তার আলোচনা করে গেছেন। আমি বলতে চাই, অসহায় হতদরিদ্র অসচ্ছল মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ব্যবস্থা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম এটি মানবিক কাজ। টাকা পয়সা থাকলেই মানুষ এ কাজ করতে পারে না। যেমনটা গত ১৭ বছর আওয়ামী লীগ করতে পারেনি। তারা শুধু মানুষদের শোষণ করেছে। অধিকার থেকে বঞ্চিত করেছে। পাঁচটি মৌলিক অধিকার যার ভেতরে অন্যতম চিকিৎসা। সেই চিকিৎসা ব্যবস্থাটাকে ভেঙেচুরে তছনছ করেছে স্বৈরাচার আওয়ামীলীগ।
তিনি আরো বলেন, বিগত সময় যারা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সাধারণ মানুষকে রোগাক্রান্ত করে তারা দিন দিন স্বাস্থ্যবান হয়েছে। দখল করেছে সরকারি হাসপাতাল। নিজেরা কখনো দেশে চিকিৎসা করেনি বরং বাহিরের দেশেই তারা চিকিৎসা করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। কি পরিমাণ অব্যবস্থাপনা হলে এমন কার্যক্রম করতে পারে।
তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সাধারণ মানুষ প্রকৃত সেবা পাবে। স্বাস্থ্য খাতে যত দুর্নীতি হয়েছে সেগুলোর সাথে যারা জড়িত প্রকৃত তাদের বিচার হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ আলী ফাউন্ডেশন সদস্য ও উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ফিরোজ জামান, তুরাগ থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, ১১ নম্বর মসজিদ কমিটির সভাপতি আরব আলীসহ সামাজিক ব্যক্তিবর্গ।
