নড়াগাতীতে পিতার ঘোড়ারগাড়ির চাকার নিচে পড়ে সন্তানের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৭:২৩ পিএম

নড়াইলের নড়াগাতীতে পিতার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে সাদমান নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

বাগুডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান, বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যা অত্যন্ত দরিদ্র মানুষ। তিনি ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দুপুর ১২টার দিকে বাগুডাঙ্গা আঠারোবেকি নদী থেকে জাগ দেয়া পাট বোঝাই করে বাড়ি ফিরছিলেন। এ সময় শিশুটিও ঘোড়ার গাড়ির সাথে হেঁটে যাচ্ছিলো। নদী থেকে কিছুদির সামনে গেলে শিশুটি পা পিছলে চাকার নিচে পড়ে যায়।

পরে গাড়ির চাকা শিশুটির পেটের ওপর উঠে যায়। আশংকাজনক অবস্থায় সাদমানকে গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক। খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোন আপত্তি না থাকায় শিশুটিকে দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত