বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল বলেন, খুব শিগগির তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। তাই ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ হয়ে গেছে। শনিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
কাজী সায়েদুল আলম বাবুল বলেন, তারেক রহমানের সঙ্গে লন্ডনে প্রধান উপদেষ্টা মিটিং করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন। সেই নির্বাচন বাধাগ্রস্ত করা হচ্ছে। তারেক রহমানকে নিয়ে আর কটূক্তি করলে সে যে দলেরই হোক কঠোর জবাব দেয়া হবে। গোপালগঞ্জ আর মিটফোর্ড সকল ষড়যন্ত্রই প্রকাশ পাচ্ছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এরপর যদি তারেক রহমানকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে, কেউ ধৃষ্টতা দেখায়, আপনারা তাৎক্ষণিক জবাব দেবেন।
এর আগে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে এসে জড়ো হয়। পরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, মাসুকুল ইসলাম রাজিব, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
